নিজস্ব প্রতিবেদক,,
কিশোরগঞ্জের ভৈরবে তিন দিনব্যাপী উপজেলা পর্যায়ে টার্গেটবল প্রশিক্ষণ ও ভৈরব উপজেলা গোল্ডকাপ টার্গেটবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬ শেষ হয়েছে গ্র্যান্ড ফাইনালে নারী ও পুরুষ উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ টার্গেটবল দল। দুই বিভাগেই রানার্সআপ হয়েছে ভৈরব একাদশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৪টায় ভৈরব উপজেলা মাঠে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালে প্রথমে নারী বিভাগে ভৈরব একাদশ মহিলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ মহিলা দল। এ বিভাগের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ পুলিশ দলের ২২ নম্বর জার্সিধারী রিজা।
পরে পুরুষ বিভাগের ফাইনালে ভৈরব একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ পুলিশ পুরুষ দল। এ বিভাগেও পুলিশ দলের ২২ নম্বর জার্সিধারী খেলোয়াড় সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১৫ আগস্ট এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কে. এম. মামুনুর রশীদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ টার্গেটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি বি. এম. শহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ দীন ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ, ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান, ভৈরব ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ভিপি মোঃ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক এবং টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজনসহ ক্রীড়া সংগঠকরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সাধারণ সম্পাদক এবং দৈনিক পূর্বকণ্ঠের নির্বাহী সম্পাদক মোঃ আলাল উদ্দিন।
এবারের প্রতিযোগিতায় নারী ও পুরুষ মিলিয়ে বাংলাদেশ পুলিশের ৩০ সদস্যের একটি সুসজ্জিত দল অংশ নেয়। পাশাপাশি ভৈরব সরকারি মহিলা কলেজ ও রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে নবগঠিত নারী টার্গেটবল দল প্রথমবারের মতো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
গ্র্যান্ড ফাইনাল শেষে ভৈরব উপজেলা মিলনায়তনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, তরুণ-তরুণীদের খেলাধুলায় উৎসাহিত করা, টার্গেটবলকে জনপ্রিয় করা এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরি করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ প্রতিযোগিতা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন তারা।